সুনামগঞ্জ প্রতিনিধি
হাওরের উত্পাদিত ফসলের অর্ধেক সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করা এবং হাওর রক্ষা বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলন কেন্দ্রীয় কমিটির আয়োজনে পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সহ-সভাপতি আবু সুফিয়ান, নারী নেত্রী শিলা রায়, সঞ্চিতা চৌধুরী, কৃষক নেতা চিত্তরঞ্জন তালুকদার, ইয়াকুব বখত বহলুল এবং শিক্ষক নেতা মো. রুহুল আমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের উত্পাদিত ফসলের অর্ধেক সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করতে হবে এবং যারা বাঁধের কাজে গাফিলতি করছে তদন্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
