বিশ্বে প্রচলিত অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণে মঙ্গলবার প্রথম ঐতিহাসিক একটি চুক্তি পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। চুক্তির পক্ষে পড়ে ১৫৪ এবং বিপক্ষে পড়ে ৩ ভোট। ২৩ সদস্য ভোটদানে বিরত থাকে। এ চুক্তির আওতায় বিশ্বে বছরে ৭ হাজার কোটি ডলারের অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
অস্ত্র ব্যবহার করে সংঘটিত সহিংসতায় বিশ্বে প্রতি মিনিটে একজন মানুষের মৃত্যু হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রচলিত অস্ত্র ও গোলাবারুদের নিয়ন্ত্রণহীন বাণিজ্যের রাশ টেনে ধরতে জাতিসংঘ সদস্য দেশগুলো সমপ্রতি একটি আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি চূড়ান্ত করার চেষ্টা চালিয়ে আসছিল। চুক্তির খসড়াও পেশ করা হয়েছিল জাতিসংঘ অধিবেশনে। কিন্তু সিরিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার বাধার মুখে খসড়া চুক্তিটি আটকে যায়। এরপর চুক্তিটি নিয়ে ভোটাভুটি আয়োজন করে জাতিসংঘ। রাশিয়া ভোটদানে বিরত ছিল।
চুক্তির আওতায় বিভিন্ন দেশ অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে প্রচলিত অস্ত্র কিংবা গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ কিংবা সন্ত্রাসে ব্যবহারের জন্য অস্ত্র রপ্তানি করতে পারবে না। সেইসঙ্গে প্রচলিত অস্ত্র কালোবাজারে যাওয়া ঠেকানোরও উদ্যোগ নিতে হবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে। চুক্তিটি সইয়ের কর্মসূচি শুরু হবে ৩ জুনে এবং ৫০টি দেশ চুক্তিতে সই করার ৯০ দিন পর এটি কার্যকর হবে।
