জয়পুরহাটের সড়কে গণডাকাতি, আহত ২৫

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২১:১৫
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী-গোপীনাথপুর সড়কে গণডাকাতি হয়েছে। এসময় ৩টি মোটর সাইকেল, মুঠোফোন ও নগদ অর্থসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়। ডাকাতের মারপিটে আহত হয় ২৫ জন। পরে গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতদল পলায়ন করে। জানা গেছে, গোপীনাথপুর-রায়কালী সড়কের দুপচাঁচিয়া থানা এলাকার মর্তুজাপুর-খলিশ্বর গ্রামের মধ্যবর্তী ভ্যালল্লা (রত্বাহার) নামক স্থানে সোমবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী ওই রাস্তায় চলাচলকারী রিক্সা ভ্যান, নছিমন, মোটর সাইকেল, পিকআপ, মাইক্রোবাসসহ অর্ধশতাধিক যানবাহনে অস্ত্রের মুখে পথ গতিরোধ করে ডাকাতি করা হয়। এসময় ৫০/৬০ জনের সশস্ত্র ডাকাতদল প্রত্যেককে মারপিট করে হাত পা বেঁধে ধানক্ষেত ও রাস্তার পার্শ্বে নির্জন স্থানে ফেলে রেখে তাদের কাছ থেকে ৩টি মোটর সাইকেল, মুঠোফোন, নগদ অর্থসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুণ্ঠন করে পালিয়ে যায়।