প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড়দের কল্যাণে সমাজের বিত্তশালী লোকজন ও বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার পিয়ং চ্যাংয়ে বিশ্ব শীতকালীন বিশেষ অলিম্পিকের ‘ফ্লোর-হকি’ খেলায় স্বর্ণপদক বিজয়ী বুদ্ধি প্রতিবন্ধী বাংলাদেশি খেলোয়াড়দের একটি প্রতিনিধি দল গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে এলে তিনি এ আহবান জানান। বিশেষ অলিম্পিক কমিটি, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ড. শামীম মতিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
শেখ হাসিনা বলেন, তাঁর কন্যা ও গে¬্লাবাল অটিজম পাবলিক হেলথ বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা হোসেন পুতুলের অনুপ্রেরণায় বর্তমান সরকার অটিস্টিক ও শারীরিক প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। তিনি বলেন, সরকার প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করবে।
প্রধানমন্ত্রী বিশেষ অলিম্পিক গেমসে অসামান্য নৈপুণ্যের জন্য ১৪ জন খেলোয়াড় ও তিন জন কোচের প্রত্যেককে এক লাখ করে টাকা প্রদান করেন।
