স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ৬ এপ্রিল হেফাজাতে ইসলামের ডাকা ঢাকা অভিমুখে লংমার্চে কোন ধরনের সহিংসতা হলে তার দায়-দায়িত্ব ১৮ দলকে নিতে হবে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী ১৮ দলীয় জোটকে ‘সুযোগ সন্ধানী’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তারা অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি চালাতে চায়। তারা সাবধানে থেকে অন্যদের সামনে ঠেলে দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চায়। এটা এখন প্রমাণিত হয়ে গেছে। সুতরাং হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচিতে ১৮ দল গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারে যদি মিশে যায় তবে এটা তাদের ব্যাপার।
হেফাজতে ইসলামের লংমার্চ নিয়ে সরকার উদ্বিগ্ন কী না সাংবাদিকদের এমন এক প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন, ইতিহাসে মাও সেতুং এর লংমার্চের কথা শুনেছিলাম। আর তারা এত ছোট জায়গায় এত বড় লংমার্চের সিদ্ধান্ত কী করে নেয় বুঝতে পারছি না। হেফাজতে ইসলামের লংমার্চকে কেন্দ্র করে বাড়তি কোনো পদক্ষেপ নেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার জন্য যখন যে সময়ে যে পদক্ষেপ নেয়া দরকার আমরা তা করছি।
বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেফাজতে ইসলামের কর্মসূচি শান্তিপূর্ণ হলে তাতে বাধা দেয়া হবে না। তবে এই কর্মসূচিতে বিএনপি, জামায়াত-শিবির বিশৃঙ্খলা করলে তা দমন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। সরকারের সঙ্গে হেফাজতে ইসলামের সমঝোতার যে অভিযোগ করা হচ্ছে এটাকে ভিত্তিহীন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কাজ করায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১১ জন ব্লগারকে চিহ্নিত করা হয়েছে। তারা দণ্ডনীয় অপরাধ করেছেন এজন্য তাদের শাস্তি ভোগ করতে হবে।
রাজশাহীর ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেফতার করায় আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও পুলিশ অফিসারের ওপর যারা হামলা করেছে, টিভি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি রাজশাহীতে শিবির কর্মীদের হামলায় আহত পুলিশ সদস্যের সাহায্যে এগিয়ে আসা নারীকে যথাযথ স্বীকৃতি ও পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন- নৌ ও পরিবহনমন্ত্রী শাজাহান খান, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু , আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
