রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ অধিবেশন বসছে ২১ এপ্রিল

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২২:২৪
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আগামী ২১ এপ্রিল নবম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন বসছে। এটা চলতি ২০১৩ সালে সংসদের দ্বিতীয় অধিবেশন। অধিবেশন শুরু হবে ওই দিন বিকাল সাড়ে ৫টায়। অস্থায়ী রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ অ্যাডভোকেট সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ মোঃ জিল্লুর রহমানকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত করে। গত ২০ মার্চ তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ইতিমধ্যে পদটি শূন্য ঘোষণা করেছে। কিন্তু নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। অবশ্য ইসি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে সংসদ সচিবালয়ের কাছে জাতীয় সংসদের সদস্যদের তালিকা চেয়েছে। এই তালিকা পাওয়ার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনের বিভক্তি তালিকায় ৩৪৯ জনের নাম থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংসদ সদস্য আবদুল জলিলের মৃত্যুর পর ওই আসনের উপনির্বাচন এখন অনুষ্ঠিত না হওয়ায় ৩৪৯ সংসদ সদস্য এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ দু’একদিনের মধ্যে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাত্ করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। আর এই সময়সীমার মধ্যেই নির্বাচনের কাজ শেষ করবে নির্বাচন কমিশন।