রাজশাহী মহানগরীর সপুরা এলাকায় ইসলামী ছাত্রশিবিরের ছাত্রাবাসে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ছাত্রশিবিরের ২৮ নেতাকর্মীকে আটক করেছে। এসময় পুলিশ ছাত্রাবাস থেকে পাঁচটি ককটেল, ১৯টি চাইনিজ কুড়াল ও শিবিরের নথিপত্র উদ্ধার করেছে। প্রাথমিক জিজ্ঞসাবাদে আটকদের কয়েকজন সোমবার শালবাগান মোড়ে পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমের ওপর হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশ ও র?্যাব যৌথভাবে সপুরা এলাকার জনৈক শফিকুল ইসলামের তালাবন্ধ ছাত্রাবাসে অভিযান চালায়। ওই ছাত্রাবাসের একটি কক্ষ থেকে পুলিশ ও র্যাব ৫টি শক্তিশালী ককটেল, ১৯টি চাইনিজ কুড়াল, লোহার পাইপ, ব্যানার, পোস্টার, বই ও ইসলামী ব্যাংকের তিনটি চেক বই উদ্ধার করে। এ সময় পুলিশ ছাত্রশিবির কর্মী শাহাবুদ্দিন ওরফে বাপ্পিকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ ও র্যাব রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাকিল আহমেদ ও জামায়াত কর্মী মোশারফ হোসেনের বাড়িতে অভিযান চালায়। উভয়ের বাড়ি থেকে পুলিশ ও র্যাব ছাত্রশিবিরের কর্মী ও গত সোমবার পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরো ২৭ নেতাকর্মীকে আটক করে। তবে শাকিল দুই বছর আগে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আনুষ্ঠািনিকভাবে বিএনপিতে যোগ দেয়ার ঘোষণা দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা যায়।
পুলিশ জানিয়েছে, ওই ছাত্রাবাস এবং শাকিল ও মোশারফের বাড়ি শিবিরের আস্তানায় পরিণত করা হয়েছিল। সেখান থেকে শিবিরের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হতো। আটককৃতদের বোয়ালিয়া মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। ওসি জানান, আটক ছাত্রশিবির নেতা বাপ্পিসহ কয়েকজন পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমের ওপর বর্বর হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশকে খবর দিন
এদিকে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে কমিশনার এসএম মনির উজজামান জামায়াত-শিবিরের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। কারও গতিবিধি সন্দেহ হলে তার সম্পর্কে নিকটস্থ থানায় অথবা সরাসরি পুলিশ কমিশনারের অফিসে খবর দেয়ার জন্য তিনি মহানগরবাসীর প্রতি অনুরোধ জানান। আরএমপি কমিশনার বলেন, এসআই জাহাঙ্গীর আলমের ওপর হামলায় জড়িত ২৬ জনকে পুলিশ সনাক্ত করেছে। তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে মাঠে রয়েছে পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। তিনি জানান, রাজশাহী মহানগর জামায়াতের প্রচার সম্পাদক শাহাদত হোসাইন ও বহরমপুর এলাকার আজাহার আলী নামের দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। পুলিশের উপর হামলায় কারা অংশ নিয়েছিল, সে সম্পর্কে জামায়াত নেতা শাহাদত চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে পুলিশ কমিশনার জানান। এক প্রশ্নের জবাবে কমিশনার জানান, সপুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে ধারালো চাইনিজ কুড়ালও উদ্ধার হয়েছে। ওই কুড়ালগুলো অত্যাধুনিক যা জামায়াত-শিবিরের নাশকতায় ব্যবহার হতো। সহকারী কমিশনার (এসি) রোকনুজ্জামান, এ সময় উপস্থিত ছিলেন।
