রাজশাহী বিভাগের ৮ জেলায় আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিবহন ধর্মঘট আহবান করেছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি। বিভিন্ন সময়ে হরতালের আগের রাতে বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন ভাঙচুর, অগ্নি সংযোগ ও শ্রমিকদের মারপিটের প্রতিবাদে এই ধর্মঘট আহবান করা হয়েছে । সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডল জানান, পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটির সভায় পরিবহন ধর্মঘটের এই সিদ্ধান্ত নেয়া হয়।
