জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে এখন চরম অবস্থা বিরাজ করছে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে যথাসময়ে নির্বাচন হতে হবে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ও গণতন্ত্রের স্বার্থে সকল দলকে নির্বাচনে আসতে হবে। এরশাদ গতকাল বুধবার তার বনানী কার্যালয়ে মানিকগঞ্জ জেলা ট্রাক, ট্রাঙ্কলরি, কাভারভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কিছু লোকে জাপায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এরশাদ বলেন, ‘জাপা একটি নির্বাচনমুখী দল। আমরা কখনও নির্বাচন বর্জন বা বয়কট করিনি। কারারুদ্ধ অবস্থায়ও আমি নির্বাচন করেছি। আগামীতেও আমরা নির্বাচনে অংশ নেব। জাপা এককভাবেই সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।’ জাপা চেয়ারম্যান বলেন, দেশের শ্রমিক সমাজের এখন চরম দুর্দশা চলছে। অনেক কলকারখানা বন্ধ। জাতীয় পার্টির শাসনামলের পর একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা বেকার হয়েছে, তারা এখনও দুর্বিসহ জীবন যাপন করছে।
জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বক্তব্য রাখেন।
