কক্সবাজারে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর সময় ১৯ জন উদ্ধার

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২২:২৬
সাগরপথে ট্রলারে করে মালয়েশিয়া পাঠানোর চেষ্টাকালে গতকাল বুধবার ১৯ জনকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র্যাব-৭। ঢাকা থেকে বিমানের ফ্লাইটে করে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে তাদের কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে এনে রেখেছিল প্রতারক চক্র। র্যাব-৭-এর সহকারী পরিচালক সাজেদুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কক্সবাজার শহরের ঝাউবীথি হোটেলে অভিযান চালিয়ে এই ১৯ জনকে উদ্ধার করে। তাদের অধিকাংশই সাতক্ষীরা ও ফরিদপুরের বাসিন্দা। প্রতারণার শিকার ব্যক্তিরা জানান, দালাল চক্র ৩ লাখ টাকার চুক্তিতে ঢাকা বিমান বন্দর থেকে ফ্লাইটের মাধ্যমে তাদেরকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ঢাকায় নিয়ে যায়। পরে চট্টগ্রাম বিমান বন্দর থেকে ফ্লাইটের কথা বলে চট্টগ্রাম নিয়ে যায়; কিন্তু চট্টগ্রাম বিমান বন্দর থেকে ফ্লাইট না পাওয়ার কারণ দেখিয়ে কক্সবাজার বিমান বন্দর থেকে ফ্লাইট দেয়ার কথা বলে কক্সবাজার নিয়ে আসে। সেখানে হোটেলে রাখে এবং নদী পথে কাঠের বোটে করে ঝুঁকি নিয়ে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করে। বিষয়টি জানার পর র্যাব-৭ তাদেরকে উদ্ধার করে। প্রতারণার শিকার হওয়া এসব যাত্রী আরো জানান, দেশের বিভিন্ন স্থান থেকে তাদের মতো অসংখ্য মানুষকে মালয়েশিয়া পাচারকারী চক্রটি ঢাকা বিমান বন্দর থেকে ফ্লাইটের কথা বলে সংগ্রহ করেছে।