ইত্তেফাক ডেস্ক
ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার বরুড়া ও লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদে রবিবার শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
কুমিল্লা: ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী এ এন এম মইনুল ইসলাম ৬৪ হাজার ৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইসলামী ঐক্যজোটের ড. ইরফান বিন তোরাব আলী (মিনার) পেয়েছেন ৮১৪ ভোট। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে মো. কামাল হোসেন (টিউবওয়েল) ৪২ হাজার ১৮ ভোটে পেয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী আবদুর রহিম (পালকি) পেয়েছেন ২১ হাজার ২১৭ ভোট।
জেলা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ত্রিশাল (ময়মনসিংহ): ত্রিশালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন সরকার বেসরকারিভাবে ৫১ হাজার ৯৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন ৪৬ হাজার ৪৪১ ভোট।
অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে হুমায়ুন কবীর আকন্দ তালা প্রতীকে ৪১ হাজার ৪৩৮ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা খানম রুমা ৪২ হাজার ৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আদিতমারী (লালমনিরহাট): আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ৪৬ হাজার ৮৭০ ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমরুল কায়েস ফারুক (মোটরসাইকেল) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের (নৌকা) মো. রফিকুল আলম পেয়েছেন ৩৪ হাজার ১৮ ভোট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ফলাফল ঘোষণা করেন। এদিকে আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২৩ হাজার ৭ ভোট পেয়ে নির্বাচিত হন চিত্র রঞ্জন রায় (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জেসমিন আক্তার (সেলাই মেশিন)।
