বৃহস্পতিবার। ভোর ৬টা। রাজধানীর কাকরাইল রমনা পার্ক সংলগ্ন এলাকায় ছয় ছিনতাইকারী রিকশা থামিয়ে ছিনতাই করছিল। বিষয়টি নজরে আসে টহল পুলিশের। পুলিশ তাদের ধরতে এগিয়ে যায়। ছিনতাইকারীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। গুলিতে সুজন নামে এক ছিনতাইকারী আহত হয়। তারপরও আহত অবস্থায় ছিনতাইকারী দৌড়ে পালাতে থাকে। পুলিশ তাদের ধরতে পিছু নেয়। শেষে তিন কিলোমিটার দৌড়ের পর পুলিশ আহত ছিনতাইকারী সুজন (২৫), সাইদুর রহমান (২৪) ও রাকিবকে (২৩) গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাদের অপর তিন সহযোগী পালিয়ে যায়। পরে আহত সুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দিয়ে পুলিশ তাকে রমনা থানায় নিয়ে যায়। পুলিশ তাদের কাছ থেকে একটি গাড়িও জব্দ করেছে।
রমনা থানার সাব-ইন্সপেক্টর আবু জাফর বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তারা একটি নোয়া মাইক্রোবাসে করে ছিনতাই করছিল। পুলিশের ধাওয়ার মুখে তারা মাইক্রোবাস ফেলেই দৌড়ে পালাবার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে। ছিনতাইকারীদের ধরতে গিয়ে আহত হয়েছেন রমনা থানার এএসআই রাশেদ। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত একটি স্বর্ণের চেইন, মহিলাদের ৪টি হাত ব্যাগ ও চারটি মোবাইল ফোন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
