ইসলামের হেফাজত করুন, জামায়াতকে নয়

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২২:৪৯
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, প্রধান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া গণতন্ত্র ও মানবতার শত্রু। দেশের সংবিধান, জাতীয় পতাকা, শহীদ মিনার, বিচার ব্যবস্থা কোন কিছুই তিনি মানেন না। তার নির্দেশেই দেশের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা অবমাননা ও শহীদ মিনার ভাংচুর করা হয়েছে। তিনি হেফাজতে ইসলামের উদ্দেশ্যে বলেন, লংমার্চ করুন তাতে আমাদের কোন আপত্তি নেই, তবে শান্তিপূর্ণভাবে করেন। ইসলামের হেফাজত করুন, জামায়াত ইসলামকে নেয়। জামায়াতকে হেফাজত করার চেষ্টা করলে বাংলার জনগণ আপনাদের ক্ষমা করবে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজশাহীসহ সারাদেশে জামায়াত-শিবির ও বিএনপির কর্তৃক পুলিশের উপর হামলার’ প্রতিবাদে বঙ্গবন্ধু একাডেমী এ আলোচনা সভার আয়োজন করে। মোহাম্মদ নাসিম বলেন, এ দেশের প্রতিটি মানুষ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তবে ধর্মান্ধ নয়। কেউ যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কিছু করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, আমার দেশ পত্রিকা জেনেশুনে দীর্ঘদিন যাবত্ সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচার চালিয়ে যাচ্ছে। সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার গুজব এবং কাবা শরীফের গিলাফ পরিবর্তনের ছবিকে সাঈদীর মুক্তির দাবির সংবাদ এই পত্রিকাটি ফলাও করে প্রচার করেছে। আমার দেশ পত্রিকার মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য তিনি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। সংগঠনের সভাপতি হুমায়ন কবির মিজির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন প্রমুখ।