রাজশাহীতে পুলিশের এসআই জাহাঙ্গীরের ওপর হামলাকারী এবং বগুড়া রেললাইনে নাশকতার ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে গত মঙ্গলবার ১৮ দলের ডাকা হরতালে কুমিল্লায় রেললাইন উপড়ে ফেলার ঘটনায় কী পদক্ষেপ নেয়া হয়েছে তা ৭২ ঘণ্টার মধ্যে হাইকোর্টকে জানাতে কুমিল্লার ডিসি এবং এসপিকে নির্দেশ দেয়া হয়েছে।
গত সপ্তাহে এক ইংরেজি দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত পৃথক দুটি প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এছাড়া রেললাইনে নাশকতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
সরকারের সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায় আদেশের বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।
