ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় বারবার ‘খুনী’ বলে সম্বোধনসহ নানা মানহানিকর বক্তব্য দেয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রথম যুগ্ম-জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়।
শামীম ওসমানের পক্ষে মামলাটির আবেদন করেন তার আইনজীবী মাসুদ উর রউফ। এ সময় আওয়ামী লীগপন্থি ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের শতাধিক আইনজীবী শামীম ওসমানের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, মামলাটি বিচারক আমলে নিয়ে আগামী ৫ মে মেয়র আইভীকে আদালতে হাজির হয়ে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন। এর আগে গত ১৬ মার্চ শামীম ওসমান বাদী হয়ে মেয়র আইভীর বিরুদ্ধে সদর মডেল থানায় জিডি করেছিলেন। শামীম ওসমানের আইনজীবী মাসুদ উর রউফ আবেদনে উল্লেখ করেন, ত্বকী হত্যাকাণ্ডের পর থেকে বিভিন্ন সময় শামীম ওসমানকে জড়িয়ে আইভী যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো অশালীন, কুরুচিপূর্ণ, আপত্তিকর ও মানহানিকর। শামীম ওসমানের একটি রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। কিন্তু তারপরও তাকে বার বার ত্বকী হত্যাকাণ্ডে সম্পৃক্ত করে বিভ্রান্তিকর ও মিথ্যে অপবাদ দেয়া হচ্ছে। এ কারণে শামীম ওসমান ১০ কোটি টাকার মানহানির অভিযোগে আইভীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আইভীকে একমাত্র বিবাদী করা হয়েছে।
অ্যাডভোকেট মাসুদ উর রউফ গতকাল বলেন, ‘ত্বকী হত্যার পর থেকেই মেয়র আইভী কোন ধরনের প্রমাণ ছাড়াই শামীম ওসমানকে সরাসরি খুনী বলে সম্বোধন করেছেন। শামীম ওসমানের হাত-পা ভেঙে দেয়াসহ তাকে অন্য জেলায় পাঠিয়ে দেয়ারও হুমকি দিয়েছেন। এতোদিন তিনি দলের স্বার্থে এ বিষয়ে ধৈর্য ধরলেও আজ (গতকাল বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে একটি গোলটেবিল বৈঠকে আবারো শামীম ওসমানকে নিয়ে আইভী যেভাবে বক্তব্য দিয়েছেন তার সাথে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের পুরো মিল রয়েছে। তারা একই সুরে ত্বকী হত্যা নিয়ে শামীম ওসমানের বিরুদ্ধে কথা বলছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগসহ সকল থানা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে তাদের নির্দেশ মতেই শামীম ওসমান মামলাটি করেছেন। এদিকে মানহানির মামলা প্রসঙ্গে মেয়র সেলিনা হায়াত আইভী সাংবাদিকদের জানিয়েছেন, মামলা হয়েছে শুনেছি। কিন্তু কোন কাগজ হাতে পাইনি। আইনগতভাবেই আমি মামলার মোকাবেলা করবো।
