সার্বিক মূল্যস্ফীতি কমেছে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২১:৫৮
নতুন ২০০৫-০৬ ভিত্তি বছর অনুযায়ী মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৭ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিলো ৭ দশমিক ৮৪ শতাংশ এবং জানুয়ারি মাসে ছিল ৬ দশমিক ৬২ শতাংশ। আর গত বছরের মার্চ মাসে মূল্যস্ফীতির হার ছিলো ৬ দশমিক ৭৬ শতাংশ। তবে মার্চ জুড়ে দেশের বাজারে চালের বাজার ঊর্ধ্বমুখী থাকায় খাদ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। শুধু চাল নয় এ সময় মাছ, মাংস, দুধসহ অন্যান্য খাদ্যপণ্যের দামও বেড়েছে। মার্চ মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। ফেব্রুয়ারি মাসে এ হার ছিল ৭ দশমিক ৪৫ শতাংশ। গত বছরের মার্চ মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৬৩ শতাংশ। বৃহস্পতিবার বিসিএস ভবনে এক সংবাদ সম্মেলনে মার্চ মাসের মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএসের উপ-মহাপরিচালক মিজানুর রহমান, পরিচালক সত্য রঞ্জন মন্ডলসহ বিবিএসের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এ সময় জানানো হয়, ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে খাদ্য-বহির্ভূত পণ্যের মধ্যে পোশাক, বাড়ি ভাড়া, আসবাবপত্র ও গৃহস্থালী পণ্য, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিভিন্ন সেবা খাতের দাম বেড়েছে।