ঘোড়াশালে আইন-শৃংখলার চরম অবনতি

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:১১
ঘোড়াশালে আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। খুন, চুরি, ছিনতাই ঘটছে প্রতিদিনই। ১৫ মার্চ ঘোড়াশালের গড়পাড়া গ্রামে খায়রুল (২২) নামে এক যুবক খুন হয়েছে। ১ জানুয়ারি দিন-দুপুরে ঘোড়াশাল বাসস্ট্যান্ডে একদল সন্ত্রাসী পতিকউল্লাহ (৪৮) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করে। এদিকে ধামাচাপা পড়েছে বেশির ভাগ খুনের তদন্ত। কোন খুনেরই রহস্য উদঘাটন হচ্ছে না। ফলে জিম্মি হয়ে পড়েছে এলাকার জনগণ। এদিকে বেপরোয়া ছিনতাইকারীরা। প্রতিদিন গণহারে ছিনতাই হচ্ছে। তাদের হাতে সর্বস্ব হারাচ্ছে জনগণ। ঘোড়াশাল প্রাণ ফুড ফ্যাক্টরী সংলগ্ন আটিয়া রাস্তায় ১৪ মার্চ রাত সাড়ে ৯টায় একদল ছিনতাইকারী মহসিন (২২) নামে এক যুবককে এলোপাতাড়িভাবে কুপিয়ে টাকা ও মোবাইল নেয়। মহসিন বর্তমানে পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ১৫ মার্চ বিকেলে জনতা জুট মিলস সুইপার কলোনির কাছে একদল সন্ত্রাসী প্রাণ ফুড ফ্যাক্টরীর এক শ্রমিককে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। কিছুদিন পূর্বে ঘোড়াশাল করতেতৈল রোডের বালুচরে শরীফ নামে এক যুবকের হাত কেটে ফেলে। কিছু চিহ্নিত সন্ত্রাসী ঘোড়াশাল শিল্প এলাকার প্রাণ ফুড ফ্যাক্টরী সংলগ্ন ঘাগড়া, কামারটেক, আটিয়া, টেকপাড়া, ঘোড়াশাল স্কুল গেট, শহীদ ময়েজউদ্দিন ব্রীজের উপর, পলাশ-ঘোড়াশাল বাইপাস সড়ক ও ঘোড়াশাল কাবিলা সড়কে প্রতি রাতে গণহারে ছিনতাই করছে। পুলিশ এ পর্যন্ত কোন ছিনতাইকারীকে আটকও করেনি, কিংবা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাও নেয়া হয়নি। এদিকে ঘোড়াশালের কয়েকটি স্থানে প্রতি রাতে বসে জুয়ার আসর। লাখ লাখ টাকার খেলা চলে। প্রায় সময় জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ বাধে।