রাজৈরে আওয়ামী লীগ-বিনএপি সংঘর্ষে আহত ১০

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:৪৩
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা জেলার রাজৈর উপজেলার বদরপাশা গ্রামে গতকাল শুক্রবার সকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় বোমা বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়ি ও স্থানীয় মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে উপজেলা আওয়ামী লীগ নেতা বদরপাশা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আকন ও একই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হারুন মাতুব্বরের লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয় গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় শীলবাড়ির বাড়ি-ঘর ও মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়। সংঘর্ষে গুরুতর আহত সাহাবুদ্দিন মোল্লা ও মোস্তফাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িত অভিযোগে পুলিশ উত্তম সরদার, আবদুল হাই, আনোয়ার, ছাব্বিরসহ ৫ জনকে গ্রেফতার করেছে। সংঘর্ষের ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে স্থানীয় থানা। \