হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চের মধ্যেই রেলপথে নাশকতার আশঙ্কায় ঢাকাগামী ১০টি ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের মহাপরিচালক আবু তাহের গতকাল শুক্রবার বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলের ঢাকাগামী দশটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ঢাকা থেকে যথারীতি ট্রেন ছেড়ে যাচ্ছে বলে তিনি জানান। রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী ধূমকেতু ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ জানায়, হরতালে ট্রেনে নাশকতা, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার আশঙ্কা ও নিরাপত্তাজনিত কারণে শুক্রবার রাতের চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীতা ও ঢাকা মেইল ট্রেন দু’টির যাত্রা বাতিল করা হয়। চট্টগ্রাম থেকে ঢাকা মেইল রাত সাড়ে ১০টা ও তূর্ণা নিশীতা রাত ১১টায় ছেড়ে যাওয়ার কথা ছিল।
সুরমা ও উপবন এক্সপ্রেসের যাত্রা বাতিল
সিলেট অফিস
সিলেট থেকে ঢাকাগামী দুটি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, হরতালে ট্রেনে নাশকতা, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার আশঙ্কা ও নিরাপত্তাজনিত কারণে শুক্রবার রাতের সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ও উপবন এক্সপ্রেস ট্রেন দুটির যাত্রা বাতিল করা হয়েছে।
গফরগাঁও সংবাদদাতা জানান, ঢাকা-ময়মনসিংহ-জামালপুর লাইনে ঢাকাগামী ২টি আন্তঃনগর, ১টি যাত্রীবাহী কমিউটার ও ১টি মেইল ট্রেনের ‘উপরের নির্দেশে’ চলাচল বন্ধ করে দেয়া হয়। এছাড়া রেল কর্তৃপক্ষ আসনবিহীন টিকিট বিক্রিও বন্ধ করে দেয়।
