সিএনজি চালকের খুনিদের গ্রেফতার দাবিতে বরুড়ায় বিক্ষোভ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২৩:১২
সিএনজি চালক হত্যার সাথে জড়িত খুনীদের গ্রেফতারের দাবিতে কুমিল্লার বরুড়ায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গত বুধবার উপজেলার মহেশপুর গ্রামের শাহীনকে তার সিএনজিটি ভাড়ায় নেয়ার পর বৃহস্পতিবার কচুয়ার ভুঁইয়ারা গ্রামের একটি জমিন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে এলাকার বিক্ষুব্ধ জনতা অবিলম্বে খুনীদের গ্রেফতারের দাবি জানিয়ে গতকাল শুক্রবার সকালে উপজেলার মহেশপুর গ্রামের বিভিন্ন সড়কে বিশাল বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় বৈরাগীর বাজারে সমাবেশ করেছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় বরুড়া উপজেলার রাজামারা গ্রামের আলী আহমদের ছেলে এমরান হোসেন (১৯) পার্শ্ববর্তী মহেশপুর গ্রামের রওশন আলীর পুত্র শাহীনের (২৫) সিএনজিটি ভাড়া করে রাত ৯টার শো দেখবে বলে চান্দিনা পালকি সিনেমা হলে নিয়ে যায়। রাতে শাহীন আর বাড়ি ফিরেনি। পরদিন বৃহস্পতিবার সকালে কচুয়ার মনসামুড়া সংলগ্ন ভুঁইয়ারা গ্রামের জমিনে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ওই লাশটি সিএনজি চালক শাহীনের বলে শনাক্ত করা হয়। এ ব্যাপারে কচুয়া থানায় মামলা হয়েছে।