মালালার নারী শিক্ষা প্রসারে সহায়তা করবেন অ্যাঞ্জেলিনা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২৩:১৩
তালেবান হামলার শিকার পাকিস্তানের স্কুলছাত্রী মালালা ইউসুফজাইয়ের শিক্ষা প্রসার কার্যক্রমে সহায়তা করছেন প্রখ্যাত মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। মালালার গঠন করা তহবিল মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সহায়তায় তার নিজ এলাকায় ৪০ জন ছাত্রীকে স্কুলে পাঠাবে। পনের বছর বয়সী মালালা গত বৃহস্পতিবার রাতে ব্রিটেন থেকে নিউইয়র্কে উইমেন ইন দ্য ওয়ার্ল্ড কনফারেন্সে পাঠানো এক ভিডিও বার্তায় এ তহবিলের প্রথম প্রকল্পের কথা ঘোষণা করেন। খবর এএফপির। মালালা জানান, অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও অপর দুটি নারী দাতব্য প্রতিষ্ঠানের সহায়তায় সংগৃহীত ৪৫ হাজার ডলার অনুদানের অর্থে পাকিস্তানের সোয়াত উপত্যকার ৫ থেকে ১২ বছর বয়সী ৪০ জন মেয়েকে স্কুলে পাঠানো হবে। ‘মালালা তহবিলে’র প্রথম অনুদান ঘোষণা আমার জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত। আসুন আমরা ৪০টি মেয়ের শিক্ষাকে ৪ কোটি মেয়ের শিক্ষায় পরিণত করি। মালালা তহবিলের পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তার কারণে এই প্রকল্পের অবস্থান ও নাম প্রকাশ করা হয়নি। মালালার ভিডিও বার্তা প্রকাশ করে অ্যাঞ্জেলিনা জোলি মালালার সাহসের প্রশংসা করেন এবং মালালা তহবিলে দুই লাখ মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দেন। গত বছরের অক্টোবরে স্কুল বাসে তালেবান হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিত্সার জন্য মালালাকে ব্রিটেন পাঠানো হয়। তখন থেকে তিনি সেখানেই আছেন। গত ফেব্রুয়ারিতে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। লন্ডনে পাকিস্তান দূতাবাসে তার পিতাকে চাকরি দেয়া হয়। গত মাস থেকে লন্ডনের বার্মিংহামের একটি স্কুলে যাচ্ছে মালালা।