বিদেশ থেকে আমদানিকৃত ‘ফুড সাপ্লিমেন্ট’ বিভিন্ন ভুয়া কোম্পানীর নামে প্যাকেট পুরিয়ে হাই ভিটামিন নামে অধিক মূল্যে বাজারজাত করছে। এসব ভুয়া কোম্পানীর লোকজন এক শ্রেণীর ডাক্তারের সাথে যোগাযোগে রোগীদের ব্যবস্থা দিচ্ছে। এতে রোগীরা প্রতারিত হচ্ছে। জানা যায়, বিভিন্ন ওষুধ কোম্পানীর জন্য চৌমুহনী একটি বড় বাজার। এ সুযোগে বিদেশ থেকে আমদানি করা “ফুড সাপ্লিমেন্ট” কিনে এনে কতিপয় অসাধু ব্যক্তি ভুয়া কোম্পানীর নামে আকর্ষণীয় প্যাকেট ছাপিয়ে বাজারে ছাড়ছে। এব্যাপারে চৌমুহনী শহরের একজন ডাক্তারের সাথে আলাপ করলে তিনি জানান, চীনসহ বিভিন্ন দেশ থেকে কতিপয় আমদানিকারক ‘ফুড সাপ্লিমেন্ট’ হিসাবে আমদানি করে থাকে। এসব ‘ফুড সাপ্লিমেন্ট’ কোন প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বাজারজাত করার কারণে ব্যবহারকারিগণ আর্থিক এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কতিপয় অসাধু ব্যক্তি এসব ‘ফুড সাপ্লিমেন্ট’ কিনে এনে এক একজন এক এক ভুয়া কোম্পানীর নাম দিয়ে প্যাকেট ছাপিয়ে উচ্চ মাত্রার ভিটামিন হিসাবে বাজারে বিক্রি করছে।
