চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকাসহ বাসাবাড়িতে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বহু টিউবওয়েল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। অকেজো হয়ে পড়ে আছে ৫ শতাধিক টিউবওয়েল। বহু গভীর নলকূপেও পানি উঠছে কম।
গ্রীষ্মের অসহ্য তাপদাহ ও পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে এলাকার পুকুরগুলো শুকিয়ে যাচ্ছে। যেসব পুকুরে পানি আছে তাতে লোকজনের অধিক ব্যবহারে দূষিত হয়ে পড়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সূত্র মতে এ উপজেলার বিভিন্ন স্থানে ২ হাজার ২৮৪টি গভীর নলকূপ ও ৫৫৬টি অগভীর নলকূপ রয়েছে। এরমধ্যে ৫ শতাধিক নলকূপ বন্ধ হয়ে গেছে। পানির স্তর ২০-২২ ফুট নিচে নেমে যাওয়ায় এপ্রিল-মে মাসে বিশুদ্ধ পানির সংকট দেখা দেবে। উপজেলার আমিরাবাদ ও উপজেলা সদর লোহাগাড়ায় অপেক্ষাকৃত পানির সংকট বেশি।
