সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী নৃশংসভাবে খুন হয়েছেন। গতকাল শনিবার পশ্চিম জালকুড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঢাকার শনিরআখড়াস্থ ফ্রেন্ডস সুপার মার্কেট এলাকার ডেভলপার মোহাম্মদ আলী (৩৫) গত বৃহস্পতিবার নিখোঁজ হন। শনিবার জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধারের খবর পেয়ে মোহাম্মদ আলীর স্বজনরা থানায় এসে লাশ সনাক্ত করেন। পুলিশ জানায়, লাশের বাম হাতের কবিজ কাটা, ডান চোখ উপড়ানো। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করে লাশ এখানে ফেলে যায়। নিহত মোহাম্মদ আলীর পিতার নাম আব্দুল বারেক। তার বাড়ি চট্টগ্রাম জেলার হালিশহর এলাকায়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, কে বা কারা কি কারণে মোহাম্মদ আলীকে খুন করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের স্ত্রীর ভাই মতিউর রহমান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
