এবার হেফাজতের ঘাড়ে সওয়ার হয়েছে বিএনপি :নাসিম

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২৩:০০
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর এজেন্ডা বাস্তবায়নে বিএনপি এবার হেফাজতে ইসলামের ঘাড়ে সওয়ার হয়েছে। আর এর মাধ্যমে এই দলটির দেউলিয়াপনা প্রমাণিত হয়েছে। তিনি আরো বলেন, বিএনপি ও দলটির নেত্রী খালেদা জিয়ার এখন কোনো আদর্শ বলে আর কিছুই নেই। একাত্তরের পরাজিত শক্তির মদদে স্বাধীনতা বিরোধী জামায়াতকে সাথে নিয়ে হরতাল-অবরোধসহ বিভিন্ন ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। এজন্য বিএনপি-জামায়াত চক্র নিরীহ মানুষ ও পুলিশ হত্যা, মন্দির ও শহীদ মিনার ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগ, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলাসহ নানা সহিংসতা চালায়; কিন্তু দেশের জনগণ তাদের অশুভ চক্রান্ত সফল হতে দেয়নি। গতকাল শনিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। নবী করীম (সা.)-এর বিদায়ী হজ্বের ভাষণের উদ্ধৃতি দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, মানবতার নবী (দঃ) তার শেষ ভাষণে মানুষ হত্যা নিষিদ্ধ ঘোষণা করে বলেন, ‘আমার পর পথভ্রষ্ট ও বিভ্রান্ত হয়ে তোমরা মানুষ হত্যা শুরু করো না। শেষ পর্যন্ত একদিন না একদিন তোমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। সেখানে তোমাদের কৃতকর্মের হিসাব করা হবে’; কিন্তু ধর্মের নামে রাজনীতি করলেও জামায়াত ও বিএনপি রাজপথে মানুষ হত্যা করছে। তারা আল্লাহর রসুলের সেই সতর্ক বাণী একবারও স্মরণ করছে না। তিনি বলেন, সরকার হেফাজতে ইসলামের লংমার্চ ও মহাসমাবেশ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে। আর সে কারণেই হেফাজতের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তিনি বলেন, দেশের বিদ্যমান আইনে ইসলাম ও হযরত মোহাম্মদ (সা.)-এর অবমাননার ব্যাপারে শাস্তির ব্যবস্থা আছে; কিন্তু একটি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে মনে রাখতে হবে, জামায়াত যুদ্ধাপরাধীদের বাঁচাতে এখন মরিয়া। সুতরাং জামায়াতের পাতা ফাঁদে পা দেয়া তাদের ঠিক হবে না।