ইত্তেফাক রিপোর্ট
উচ্চ আদালতের নির্দেশের পরেও হত্যা মামলার সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল না করায় তদন্তকারী কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১৬ মে বাগেরহাটের মোড়লগঞ্জ থানার ওই মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুর দাস মন্ডলকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ওইদিন আদালতে তার উপস্থিতি নিশ্চিত করতে বাগেরহাটের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
২০১৮ সালের পহেলা অক্টোবর মোড়লগঞ্জের দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী দিহিদারকে (৫২) তার বাড়ি থেকে এবং যুবলীগ নেতা শুকুর আলী শেখকে (৪০) দৈবজ্ঞহাটি বাজার থেকে ধরে নিয়ে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এই জোড়া খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির ও তার সন্ত্রাসীর বাহিনীর বিরুদ্ধে। পুলিশ ইউনিয়ন পরিষদের মিলনায়তন থেকে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে। মামলার আসামি শহিদুল ফকির হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিন না দিয়ে সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়। কিন্তু তা দাখিল না করায় হাইকোর্ট তাকে তলব করে। আদালতে আসামির পক্ষে আইনজীবী হুমায়ুন কবির মঞ্জু এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ উপস্থিত ছিলেন।
