জামায়াতের প্রতি পশ্চিমবঙ্গে ১৫টি সংগঠনের সমর্থন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৫০
বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী নেতাদের যুদ্ধাপরাধের বিচারের নিন্দা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের ১৫টি মুসলিম সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার কলকাতার শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ নিন্দা জানানো হয়। সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ শাহবাগ আন্দোলনকে নাস্তিকদের আন্দোলন বলে উল্লেখ করে বলেন, ইসলামবিরোধী কোনো প্রচারণা সহ্য করা হবে না। সমাবেশে বক্তারা জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবি করেন। উল্লেখ্য, দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল-১। সমাবেশে অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল, অল বেঙ্গল মাইনোরিটি ইয়ূথ ফেডারেশন, পশ্চিমবঙ্গের সুন্নাত আল জামায়াত কমিটিসহ ১৫টি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। খবর এএনআইর।