মিসরে মুসলিম ও খ্রীস্টান ধর্মাবলম্বীদের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। নিহতের মধ্যে ৪ জন খ্রীস্টান এবং একজন মুসলমান রয়েছে। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। খবর রয়টার্সের।
মিসরের রাজধানী কায়রোর উত্তরে এল কুসুস শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মুসলমানদের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের দেয়ালে খ্রীস্টান ধর্মাবলম্বী শিশুর কিছু লেখাকে কেন্দ্র করে এ সংঘাতের সূত্রপাত হয়। শহরের মাহমুদ আল-আলফি নামের এক বাসিন্দা জানান, শুক্রবার কিছু খ্রীস্টান শিশু দেয়ালে তাদের ধর্মের কিছু চিহ্ন আঁকছিল, যাকে সস্তিকা বলা হয়। এটা দেখতে ক্রসের মতো। আমি তাদের এটা মুছে ফেলতে বলি। কিন্তু তারা শোনেনি। এরপর সেখানে এক লোক আসে এবং শিশুদের মারধর করে। কিছুক্ষণের মধ্যেই ওই স্থানে আরো অনেকে জড়ো হয়। এদের মধ্যে একজন গুলি ছুঁড়ে। এতে একজন নিহত হয়। এরপর ওই এলাকায় গোলাগুলি শুরু হয়। এরপর দুই ধর্মের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে। খ্রীস্টানদের দোকানপাটে হামলা চালিয়ে ধ্বংস করা হয়। এ সময় মুসলমানদের একটি ভবনে আগুন ধরিয়ে দেয়া হয়।
