সিলেটে সবজি ব্যবসায়ী ট্রাক শ্রমিক সংঘর্ষ আহত ১০

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৫২
সিলেট নগরীর হাজী নওয়াব আলী সড়কের সবজি বাজারের এক ব্যবসায়ীর সঙ্গে এক মিনি ট্রাক চালকের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে গতকাল রবিবার সেখানে হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে জেলা ট্রাক চালক সমিতির সভাপতি আবু সরকার, সহ-সভাপতি দিলু মিয়াসহ অন্তত ১০ জন আহত হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জের ধরে সিলেট-ঢাকা মহাসড়কের হুমায়ূন রশিদ চৌধুরী চত্বরের নিকট বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে ট্রাক শ্রমিকরা। তখন উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইন জমে উঠে। পরে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক জহির চৌধুরী সুফিয়ান, চেম্বার সভাপতি ফারুক আহমদ মিসবাহ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, ট্রাক শ্রমিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের কয়েক দফা উদ্যোগে বিকাল ৪টায় ট্রাক শ্রমিকরা অবরোধ তুলে নিলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।