গল্প নয় সত্যি

অপহরণ ঠেকাতে স্মার্ট ব্রেসলেট

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ১৯:২১
বর্তমান বিশ্বে যত ধরনের অপরাধ আর অপকর্ম বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে তার মধ্যে অন্যতম একটি হলো অপহরণ। নানা সময়ে মুক্তিপনের দাবীতে যেমন নানা বয়সী মানুষকে অপহরণ করা হচ্ছে তেমনি অপহরণের শিকার হচ্ছেন যুদ্ধবিধ্বস্ত কিংবা রাজনৈতিকভাবে অস্থির বিভিন্ন দেশে কাজ করা মানবাধিকারকর্মীরাও। আর এ ধরনের অপহরণের হাত থেকে সম্ভাব্য অপহূতদের সুরক্ষা দিতেই এবার প্রযুক্তিক সমাধানের পথে হেঁটেছে মানবাধিকারবিষয়ক সংগঠন সিভিল রাইটস ডিফেন্ডার। এই সংগঠনটির উদ্যোগে তৈরি করা একটি আধুনিক ব্রেসলেট ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করা মানবাধিকারকর্মীদের অনেকটাই সুরক্ষিত রাখবে বলে আশা প্রকাশ করেছেন সিভিল রাইটস ডিফেন্ডার এর কর্তাব্যক্তিরা। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকা এই ব্রেসলেটটি যার হাতে পড়া থাকবে তিনি অপহরণের মুখে পড়ার সাথে সাথে ব্রেসলেটের একটি বাটনে চাপ দিলেই সেটি এক ধরনের সংকেত পাঠাবে। আর একই সাথে ফোন ও দুর্গম অঞ্চলের কথা চিন্তা করে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম কাজে লাগিয়ে সংকেত পাঠাতে সক্ষম এই ব্রেসলেটই উদ্ধারকারীদের জানিয়ে দেবে অপহূত ব্যক্তির অবস্থানের কথা। সিভিল রাইটস ডিফেন্ডার জানিয়েছে, বিশেষভাবে তৈরি এই ব্রেসলেট থেকে পাওয়া সংকেতের মাধ্যমে অপহূত ব্যক্তির অবস্থান জিপিএস প্রযুক্তিতে পাওয়া লোকেশন ট্যাগের মতোই অনেকটা নিখুঁত এবং এর মাধ্যমে উদ্ধারকারী দল অনেক দুর্গম এলাকাতেও অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে অপহূতের খোঁজে অভিযান চালাতে পারবে। তাছাড়া এই ব্রেসলেটটি দেখতে আর দশটা সাধারণ ব্রেসলেটের মতোই। ফলে কারও হাতে থাকা এই ব্রেসলেটটি চট করে অপহরণকারীদের মনে বাড়তি সন্দেহ তৈরি করবে না বলেই মনে করছে সিভিল রাইটস ডিফেন্ডার।