ব্রাহ্মণবাড়িয়ায় ৬৫ কেজি পচা খেজুর জব্দ, ২ দোকানীকে জরিমানা

আপডেট : ০৭ মে ২০১৯, ০০:৩১

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের কয়েকটি মার্কেট ও ফুটপাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতকে দেখেই ফুটপাতের দোকানী তার পঁচা খেজুর ফেলে পালিয়ে যায়। পরে আনুমানিক ৬৫ কেজি খাবার অনুপযোগী পচা খেজুর জব্দ করে শহরের খালে ফেলে দেয়া হয়।

এদিকে আনন্দ বাজারে অভিযান চালিয়ে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খেজুর বিক্রির দায়ে ভাসমান বিক্রেতা শহরতলীর আবুল হোসেনকে (২৫) এক হাজার টাকা জরিমানা করা হয়। ওই বাজারের জালাল এন্টারপ্রাইজ নামক চালের দোকানে প্লাস্টিকের বস্তায় চাল পাওয়ার দায়ে দোকানীকে জালাল উদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পঙ্কজ বড়ুয়া বলেন, রমজান মাসে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।

ইত্তেফাক/আরকেজি