রয়টার্স
পেরুতে ফ্রান্সের তেল কোম্পানি পিরেনকোর ভাড়া করা একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই পেরুর নাগরিক। তাদের মধ্যে পিরেনকোর একজন চাকুরে এবং তিন ঠিকাদারের প্রতিনিধিরাও রয়েছেন বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়। পিরেনকো জানিয়েছে, ‘এই পরিস্থিতিতে জীবিত অবস্থায় কাউকে পাওয়া যায়নি।’ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করার আগে একজন পেরুভিয়ান কর্মকর্তা নিহতের সংখ্যা নিশ্চিত করেন। ইকুয়েডর সীমান্তের কাছাকাছি লরেটো অঞ্চলের কম বসতিপূর্ণ এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বনাঞ্চলীয় শহর ইকুইটোসের ৬৭ নম্বর ব্লক থেকে এটি যাত্রা শুরু করেছিল। হেলিকপ্টারটিতে ৯ যাত্রী এবং ৪ জন ক্রু ছিল বলে জানা গেছে। পিরেনকো এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পেরুর সেনাবাহিনী পৌঁছেছে এবং দু’টি হেলিকপ্টার এই উদ্ধার তত্পরতায় অংশ নিয়েছে।
