জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় চাই রাজনৈতিক সমাধান

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৩৯
বিশ্ব জলবায়ু সংলাপে কার্যকর ভূমিকা রাখতে দুইদিনের ১০ম কার্টাহেনা আন্তর্জাতিক সংলাপ শুরু হয়েছে। সোমবার হোটেল সোনারগাঁওয়ে এই সংলাপ শুরু হয়েছে। ইউএনএফসিসিসি সেক্রেটারিয়েটসহ বিশ্বের ৩১টি দেশের ৬১ জন প্রতিনিধি এ সংলাপে অংশ নিয়েছেন। পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ বলেন, ঢাকায় অনুষ্ঠিত এ সংলাপ আগামী দিনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিশ্ব নোতাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। এ সংলাপের মাধ্যমে ২০১৫ সালের মধ্যে গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমানোর জন্য একটি কার্যকর পরামর্শ আসবে আশা করি। ২০১৫ সালের মধ্যে বিশ্ব জলবায়ু সংলাপ একটি চমত্কার জায়গায় এসে পৌঁছাবে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, বিশ্ববাসী রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য একটি কার্যকর সমাধান আশা করে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিসহ বিরাজমান সমস্যাসমূহ চিহ্নিত করে দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করতে হবে যা অভিযোজন ও প্রশমনে সমানভাবে কার্যকর ভূমিকা রাখবে। বিশ্বের উন্নত দেশগুলো উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার দ্বার উন্মোচন করবে। উল্লেখ্য উন্নত এবং স্বল্পোন্নত ৪২টি দেশের সমন্বয়ে ২০১০ সালে কলম্বিয়ার কার্টাহেনায় এ প্রুপ গঠিত হয়। এ প্রুপের মূল লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা নেয়া। কার্বণ নিঃসরণ কমানো এবং নিঃসরণকারী দেশগুলো যাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অভিযোজনে সহায়তা করে সেজন্য এ গ্রুপের একটি কার্যকর আলোচনা বিশ্বের জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলাই নয় টেকসই উন্নয়ন ও উচ্চ প্রবৃদ্ধি এবং দারিদ্র্যমুক্ত একটি সুন্দর পরিবেশ সৃষ্টির পথকে সুগম করবে। সংলাপে যুক্তরাজ্য, আস্ট্রেলিয়া, ইউরোপিয়ান কমিশন, ফ্রান্স, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, মেক্সিকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, সোয়াজিল্যান্ড, সুইডেন, সংযুক্ত আরব আমিরাতসহ ৩১টি রাষ্ট্রের প্রতিনিধি অংশ নিয়েছেন। পরিবেশ মন্ত্রণালয়ের সচিব সফিকুর রহমান পাটওয়ারির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্লাইমেট নেগোসিয়েশন টিমের কো-অর্ডিনেটর ড. কাজী খলিকুজ্জমান আহমাদ, ইউএনএফসিসিসির প্রতিনিধি এন্ড্র জন হায়াম ও কার্টাহেনা প্রটোকল সেক্রেটারিয়েটের প্রতিনিধি পিটার জর্জ বিটস।