পোশাক শিল্পের পণ্যবাহী গাড়িকে হরতালভুক্ত না রাখার অনুরোধ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৩৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গার্মেন্টস পণ্যবাহী ট্রাক ও কভার্ড ভ্যানকে হরতালভুক্ত না রাখতে সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারদের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। এ দুই সংগঠনের গতকাল সোমবার রাতে পাঠানো যৌথ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদিও রাজনৈতিক দলগুলো পোশাক শিল্পকে হরতালের আওতামুক্ত রেখেছে। তবে এ শিল্পে বাস্তবতা হচ্ছে যে, হরতাল চলাকালে কারখানাগুলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে পোশাক শিল্পের রপ্তানি পণ্য জাহাজীকরণের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে নিতে পারে না এবং আমদানিকৃত কাঁচামাল কারখানায় আনতে পারে না। গত তিন মাসে ঘন ঘন হরতাল ও চলমান সহিংসতার কারণে রপ্তানিখাতের উদ্যোক্তাদের রপ্তানি কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়েছে। এজন্য তারা এ অনুরোধ জানিয়েছে। একই বিজ্ঞপ্তিতে হরতাল চলাকালে পোশাক শিল্প কারখানার ওপর হামলার ঘটনার বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। হরতালে গতকাল গাজীপুর কোনাবাড়ীর বাইপাইল থেকে মৌচাক পর্যন্ত প্রায় ৬০-৭০টি রপ্তানিমুখী পোশাক কারখানার ওপর হামলা চালানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। অন্যদিকে আজ ৯ এপ্রিল ও আগামীকাল ১০ এপ্রিলের হরতাল প্রত্যাহারের জন্য পোশাক শিল্পের এ সংগঠন দুইটি অনুরোধ জানিয়েছে।