স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
ফতুল্লার মাসদাইরে শারমিন আক্তার (১৮) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে পুলিশ ফতুল্লার মাসদাইর গোদারাঘাট এলাকার একটি রুম থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের মুখে চোখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। নিহত শারমিন সিলেটের চুনারুঘাট থানার সাগরদী গ্রামের শামীম হোসেনের মেয়ে।
ফতুল্লা মডেল থানার এস আই আমজাদ হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, দুই মাস আগে সাগর নামে এক যুবকের সঙ্গে শারমিন প্রেম করে বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা ফতুল্লার মাসদাইর গোদাঘাট এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করে। কিছুদিন যাবত্ তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ দেখা দেয়। গত কয়েকদিন ধরে শারমিনকে মারধর করে আসছিল সাগর। এস আই আমজাদ আরো জানান, ধারণা করা হচ্ছে মারধর সহ্য করতে না পেরে শারমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারবো। নিহতের খালা শাহীনূর বেগম জানান, শারমিনকে হত্যার পর তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে সাগর পালিয়ে গেছে। আমি সাগরের ফাঁসি চাই।
