কুমিল্লায় বিএনপির ৮২ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছে। নগরীর কান্দিরপাড়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের ঘটনায় রবিবার রাতে মামলাটি করা হয়।
পুলিশ জানায়, রবিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবি জানিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি রবিবার রাত ১০টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাব্যাপী ২০ ঘণ্টার হরতাল আহবান করে। রাতে হরতালের শুরুতে নগরীর কান্দিরপাড়ে ৮/১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এসময় কয়েকটি রিকশা, অটোবাইক, সিএনজি ও মোটর সাইকেল ভাংচুর করে পিকেটাররা। মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল হক ফজলু, জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ছাত্রদলের সভাপতি উত্বাতুল বারি আবুসহ ৩২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০ জনসহ ৮২ জনকে আসামি করা হয়।
