এলাকা থেকে সন্ত্রাস দমন এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে রবিবার। প্রতিবাদ সমাবেশে ইউপি চেয়ারম্যান আবু সাহিদ খান সাইদ ও ইউপি মেম্বর লিটনকে সন্ত্রাসীদের মদদদাতা হিসেবে উল্লেখ করা হয়। রবিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নবগঠিত ভাওড়া ইউনিয়নের ভাওড়া গ্রামের বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এলাকার লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঐ ইউনিয়নের বিভিন্ন গ্রামে সন্ত্রাসীদের তত্পরতা ব্যাপকহারে বেড়ে যাওয়ায় আইন-শৃংখলার চরম অবনতি ঘটেছে। সম্প্রতি কামারপাড়া গ্রামের ব্যবসায়ী আব্দুর রহিমকে (৫০) চেয়ারম্যান সাইদ ও মেম্বার লিটনের বাহিনী হত্যার চেষ্টা করে।
রবিবার সমাবেশে সভাপতিত্ব করেন খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল।
এ ব্যাপারে অভিযুক্ত ভাওড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সাহিদ খান সাইদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিভিন্ন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নই এবং আমার কোন সন্ত্রাসীবাহিনীও নেই।
