ঐক্যের পাশাপাশি হুঁশিয়ারি জিএম কাদেরের

আপডেট : ০৭ মে ২০১৯, ০০:৫৩

দলীয় চেয়ারম্যান এইচএম এরশাদের অবর্তমানে ভবিষ্যত্ নেতৃত্ব ও বর্তমান পদ-পদবি নিয়ে দলে সৃষ্ট অস্থিরতা কাটাতে ঐক্যের ডাক দিলেন জাতীয় পার্টির (জাপা) নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। একইসঙ্গে যারা দলের শৃঙ্খলা মানবেন না-দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন এরশাদের এই ছোট ভাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ায় গতকাল সোমবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে তাকে দেওয়া জাতীয় যুবসংহতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই সতর্ক বাণী দেন।

দ্বিতীয় দফায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর গতকালই প্রথম দলের কয়েকজন সিনিয়র নেতাকে পাশে পেয়েছেন জিএম কাদের। দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এবং প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন ও অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী এমপি ছাড়াও নাজমা আখতার এমপি গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রথম দফায় যখন জিএম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তখন থেকেই তার কোনো সভা বা অনুষ্ঠানে দলের সিনিয়র নেতাদের দেখা যায়নি।

দলের চলমান বিবাদের বিষয়টি ইঙ্গিত করে জিএম কাদের বলেন- আমি রাজা বা জমিদার হতে আসিনি। কারও ওপর কর্তৃত্ব করতেও আসিনি। ‘৯০-এর পর দুঃসময়ে এ দলে এসেছি, কোনো কিছু পাওয়ার লোভে নয়-দুঃসময় মোকাবিলা করতে। সেসময় আমার ভাই (এরশাদ) জেলে ছিলেন। তার মুক্তি ও দলকে সংগঠিত করতে এসেছিলাম। আমি সবাইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। দলকে সঠিক পথে পরিচালনা করাই হবে আমার প্রধান কাজ। দলে এ মুহূর্তে ভাঙনের কোনো আশঙ্কা আমি দেখছি না। ঐক্য ধরে রাখতে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই।

নেতৃত্বের প্রশ্নে অসন্তুষ্টদের উদ্দেশে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন থেকে দলের কোনো সিদ্ধান্ত এককভাবে নেওয়া হবে না। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। দলের সিনিয়র নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আসবেন। দলের ভালোর জন্য আপনারা মতামত দেবেন। আপনাদের কথামত আমি দলকে সামনের দিকে এগিয়ে নেব।

জিএম কাদের বলেন, দল ভেঙে পড়ার বিষয় এখানে আসেনি। যদিও শৃঙ্খলার বিষয়ও এখানে থাকে। নিয়ম-শৃঙ্খলার ভেতরে যারা থাকবে না, গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্বকারী যুবসংহতির সভাপতি আলমগীর শিকদার লোটন দলের ‘ত্যাগী’ নেতাকর্মীদের বঞ্চনার কথা তুলে ধরলে জি এম কাদের বলেন, হুট করে উড়ে এসে কেউ দলের প্রেসিডিয়ামে অন্তর্ভুক্ত হতে পারবে না।

দলের মহাসচিব রাঙ্গা বলেন, নিজেদের ভুল-ত্রুটিগুলো রুদ্ধদ্বার বৈঠকে বলব। কিন্তু কানামাছি খেলা যাবে না। অন্যকিছু করার ছল করা যাবে না।