কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ৩৬ ঘন্টার পরিবর্তে বগুড়ায় ৪৮ ঘন্টা হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছে বগুড়া জেলা বিএনপি। দলের এক জরুরী সভায় গতকাল সোমবার দুপুরে এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এ হরতালের ঘোষণা দেন। তিনি বলেন, সারাদেশে বগুড়া বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। এই কারণে কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বগুড়ায় ৩৬ ঘন্টার পরিবর্তে ৪৮ ঘন্টা হরতাল পালনের সিদ্ধান্ত হয়েছে।
এদিকে গতকাল সন্ধ্যা থেকেই সিএনজি চালিত অটোটেম্পুতে আগুন, অটোরিকশা ভাংচুর, বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে বগুড়া জেলায় টানা ৪৮ ঘন্টা হরতাল চলছে। এর আগে গতকাল বিকালে বিএনপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় মিছিল করে। এছাড়াও হরতাল সমর্থকরা শহরে পিকেটিং শুরু করে বলে জানা যায়। তবে গতকাল সন্ধ্যায় হরতালের শুরুতেই কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। শহরে র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।
