হেফাজতে ইসলামের ১২ ঘণ্টা হরতালের শেষ সময়ে গতকাল সোমবার রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবের সামনে দুর্বৃত্তরা একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে। বিএনপিসহ ১৮ দলের আজ মঙ্গলবার থেকে টানা ৩৬ ঘণ্টা হরতাল শুরু হওয়ার আগে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসসূত্রে জানা যায়, ঘটনার পর তেজগাঁও ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট গিয়ে এ আগুন নেভায়। এর আগে গতকাল বিকাল ৩টার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচে অজ্ঞাতরা পর পর ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এদিকে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কের সামনে গতকাল বিকাল ৫টার দিকে বাসে আগুন দেয়ার চেষ্টাকালে সাইফুল ইসলাম নামে এক হরতাল সমর্থককে ২ বোতল পেট্রোলসহ পুলিশ আটক করেছে। সূত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সাইফুল ইসলাম বাহাদুরশাহ পার্কের সামনে পার্কিং করা গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে। আটক সাইফুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে তিনি জানান।
