হরতাল সফল করুন :বিএনপি

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২২:৫৮
দেশবাসীকে মঙ্গল ও বুধবার সারা দেশে স্বতঃস্ফূর্ত হরতাল পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। গতকাল সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সালাহ উদ্দিন বলেন, ১৮ দলীয় জোটের ঘোষিত দু’দিনের হরতাল সামনে রেখে সোমবার দেশের বিভিন্ন জেলায় মিছিলে পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীরা হামলা করেছে। তিনি বলেন, ময়মনসিংহ, কক্সবাজারের চকরিয়া, বরিশাল ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন এলাকায় মিছিলে গুলি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেফতার করে ডাণ্ডাবেড়ী পরিয়ে আদালতে হাজির করা হচ্ছে। গোপন জায়গায় নিয়ে তাদের নির্যাতন করা হচ্ছে। রাষ্ট্রের তিনটি বিভাগ একই ব্যক্তির হাতে জিম্মি হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, গভীর হতাশার সাথে লক্ষ্য করছি রাষ্ট্রের সাধারণ নাগরিকদের এখন ন্যায়বিচার পাওয়া দুরূহ হয়ে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন অভিযোগ করে তিনি বলেন, মনে হয় যেন জনগণের বিরুদ্ধে রাষ্ট্র যুদ্ধ ঘোষণা করেছে। গণহত্যা, খুন, গুম, মামলা, হামলা আর সরকারের সীমাহীন দুর্নীতি থেকে জনগণের দৃষ্টি অন্য দিকে ফেরাতে চায়। সেজন্য নতুন নতুন মঞ্চ তৈরি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ইসলামের বিপক্ষে দাঁড় করিয়েছে। থ্যাচারের মৃত্যুতে খালেদা জিয়ার শোক ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মিসেস মার্গারেট থ্যাচারের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক শোকবাণীতে খালেদা জিয়া বলেন, মিসেস থ্যাচার ১৯৭৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিন দফা ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্বপালনকালে তার নিজের দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।