আহত সাংবাদিক নাদিয়াকে দেখতে হাসপাতালে পুলিশ কমিশনার

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২৩:০০
হেফাজতে ইসলামের কর্মীদের মারপিটে আহত একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিনকে দেখতে হাসপাতালে গেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৩১২ নম্বর কেবিনে গিয়ে নাদিয়ার সঙ্গে দেখা করে চিকিত্সার খোঁজ-খবর নেন তিনি । এ সময় কমিশনারের সঙ্গে ডিএমপির অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস ও শেখ মারুফ হাসান, জয়েন্ট কমিশনার সাহাবুদ্দিন খান, রমনার উপ-কমিশনার মারুফ সরদার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান, অতিরিক্ত উপ-কমিশনার নাসিমা আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেনজির আহমেদ আহত সাংবাদিক নাদিয়া শারমিনের চিকিত্সার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এদিকে নাদিয়া শারমিনকে দেখতে যুব মহিলা লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. এম ওয়াহেদুজ্জামান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার নারী সাংবাদিকসহ বহু সাংবাদিক তাকে দেখতে যান। নাদিয়া শারমিন সাংবাদিকদের বলেন, এখনো তার শরীরে ব্যথা রয়েছে। ভালোভাবে তিনি হাঁটতে পারছেন না। প্রসঙ্গত, গত ৬ এপ্রিল হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে বিকাল সাড়ে ৩টায় পুরানা পল্টন মোড়ে দায়িত্ব পালন করছিলেন নাদিয়া শারমিন। এ সময় হেফাজত কর্মীরা তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেন। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।