হরতাল এলেই ঝিনাইদহে এক শ্রেণীর লোকের কপাল খোলে। হরতালে সড়ক-মহাসড়কের পাশের গাছ কেটে অবরোধ করে হরতালকারীরা। আর সেই গাছ বিক্রি করে দেয় এক শ্রেণীর ক্যাডার। এ পর্যন্ত রাস্তার পাশের অন্তত দেড় হাজার গাছ কাটা পড়েছে বলে জানা গেছে।ঝিনাইদহ- যশোর সড়কের চুটলে মোড় থেকে ছালাভরা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার জুড়ে রাস্তার গাছ কেটে সড়ক অবরোধ করে জামায়াত- শিবির। কালীগঞ্জ জীবন নগর সড়কের পাতবিলা ও এলাঙ্গী এলাকা এবং খালিশপুর থেকে ফতেপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার পাশের গাছ কাটা হয়। এ ছাড়াও মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কেও গাছ কেটে অবরোধ করে হরতালকারীরা। কালীগঞ্জ উপজেলার কোলা ও পাইকপাড়া সড়কেও গাছ কেটে সড়ক অবরোধ করে হরতালকারীরা। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের হলিধানী এলকাতেও গাছ কাটা পড়েছে। এরপর থেকে প্রতি হরতালের আগের রাতে এক শ্রেণীর দুর্বৃত্ত করাত দিয়ে রাস্তার পাশের গাছ কেটে চলছে। ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন বলেন, জেলা পরিষদ প্রথম দিকে কিছু গাছ নিয়ে আসে। পরবর্তীতে পুলিশ গাছ সরিয়ে সড়ক ক্লিয়ার করছে। এ গাছগুলো লোকে ইচ্ছা মত নিয়ে যাচ্ছে।
