দুর্গাপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী খুন
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ জেলার দুর্গাপুরের গাঁওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া শ্রীপুর গ্রামে সোমবার সকাল ৮টায় পারিবারিক কলহের জের ধরে স্বামী শফিকুল ইসলাম তার স্ত্রী জনি বেগমকে (২৬) লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তদন্ত কর্মকর্তা এস.আই সাইদুর জানান, ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়।
লালমনিরহাটে বিদ্যুত্স্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি \ লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় গত সোমবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এরা হলেন—ওই এলাকার সুদির চন্দ্রের স্ত্রী স্বারথী রানী (৪০) ও তার মেয়ে কলেজ ছাত্রী স্বস্থি রানী (১৮)। স্বস্থি রানী বড়বাড়ি শেখ আবুল কাশেম মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী। এলাকাবাসী জানান, মা স্বারথী রানী মেয়ে স্বস্থি রানীকে নিয়ে পার্শ্ববর্তী নিজেদের পুকুরে মাছ ধরতে যায়। পুকুরের পানিতে বিদ্যুতের তার পড়ে পুকুরের পানি বিদ্যুতায়িত হলে তারা দু’জনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মেয়ে স্বস্থি রানীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন মা স্বারথী রানীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়। পরে চিকিত্সাধীন অবস্থায় মা স্বারথী রানীর মৃত্যু ঘটে।
উল্লাপাড়ায় পুড়ে গেছে ৭টি গরুসহ খামার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ উল্লাপাড়ায় গরুর খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডে গরুসহ খামার পুড়ে গেছে। গত রবিরাব দিবাগত রাত ১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খালিয়াপাড়া গ্রামে ভূমিহীন খামারী সুজাবত আলীর গরুর খামারে আগুন লেগে ৪টি দুধেল গাভী-বাছুর ও ৭টি গরুসহ খামারটি পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। গত সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে খামারী সুজাবত, তার স্ত্রী ও সন্তানদের আগুনের পুড়ে যাওয়া খামারের সামনে আহাজারি করতে দেখা যায়।
মাওয়ায় ২০ মণ জাটকা আটক
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মার পাড় হতে ২০ মণ জাটকা মাছ আটক করেছে লৌহজং থানা পুলিশ। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান জানান, সোমবার সকালে মাওয়া পদ্মা পাড়ের ঋষি বাড়ি ১নং ফেরিঘাটে ট্রলার হতে একটি ভটভটিতে লোড করার সময় পুলিশ অভিযান চালিয়ে ৯টি ড্রামের ভিতর থেকে ২০ মণ জাটকা ইলিশ উদ্ধার করে।
আওয়ামী লীগ নেতা হত্যার প্রতিবাদে সদরপুরে বিক্ষোভ
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ২নং সং ওয়ার্ডের সভাপতি মোঃ নওশের আলী খাঁনকে হত্যার প্রতিবাদে সদরপুরে গত সোমবার সকালে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলা চেয়ারম্যান আঃ ছত্তার ফকিরের নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আ-লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুডি কমান্ডার মোঃ গাফার হোসেন, আ-লীগের সাংগঠনিক সম্পাদক আবু আলম রেজা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান, মিজান, সুহাগ প্রমুখ।
চৌহালীর হাট ঘোরজান গ্রামে র্যাব পরিচয়ে ডাকাতি
মারুফা মির্জা চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের চৌহালীতে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাত দলের হামলায় ৮ লাখ টাকার মালামাল লুট এবং বাড়ির ৩ জন আহত হয়েছে। হামলার শিকার পরিবারটি জানায়, রবিবার গভীর রাতে চৌহালী উপজেলার হাট ঘোরজান চরে বেশ কয়েকটি বাড়িতে ঘরে তালা দিয়ে র্যাব পরিচয়ে আসামি ধরার কথা বলে ধনাঢ্য ব্যবসায়ী বাচ্চু তালুকদারের বাড়িতে স্বশস্ত্র ডাকাত দল হামলা চালায়। এসময় বাড়ির লোকজন বাধা দিলে তাদের মারধর করে ডাকাতরা নগদ ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণ এবং ২শ’ পিছ শাড়ি লুট করে নিয়ে চলে যায়।
দর্শনায় সুগারবিটের মাঠ দিবস
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ গত সোমবার সকালে দর্শনা কেরু চিনিকল আকন্দবাড়িয়া পরীক্ষামূলক খামার চত্বরে সুগারবিট এর মাঠ দিবস পালিত হয়েছে। বাংলাদেশ ইক্ষু গবেষণা প্রতিষ্ঠান ঈশ্বরদীর সার্বিক ব্যবস্থাপনায় ও কেরু এ্যান্ড কোমলপানির আয়োজনে বেলা ১১টায় এ অনুষ্ঠান শুরু হয়। কেরু এ্যান্ড কোমপানির বীজ ও এগ্রো-এর কর্মকর্তা মোঃ খায়বর হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ইক্ষু গবেষণা প্রতিষ্ঠান ঈশ্বরদীর বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম।
কয়রায় গ্রামভিত্তিক দুর্যোগ প্রস্তুতিমূলক প্রশিক্ষণ
কয়রা (খুলনা) সংবাদদাতা \ দাতাসংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও কনসার্ন ওয়াল্ড ওয়াইড-এর সহযোগিতায় এবং জেজেএস পরিবর্তন প্রকল্পের উদ্যোগে ৫ দিনব্যাপী সিসিএ এন্ড ডিআরআর বিষয়ের উপর কমিউনিটি সেশান অনুষ্ঠিত হয়। গত ৮ এপ্রিল ১নং কয়রা গ্রামে পাইলট প্রকল্প, সিআরভিএ এবং গ্রামভিত্তিক দুর্যোগ প্রস্তুতির পরিকল্পনা এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আইয়ুব আলী। প্রশিক্ষণে দু’টি গ্রামের ২০ জন সদস্য অংশগ্রহণ করে।
কুমিল্লায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা
কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লায় পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ (এফ.ডব্লিউ.ভিটিআই) কেন্দে গত সোমবার বঙ্গবন্ধুর জন্মদিন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. মো. কামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় নেতা ও বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান সিদ্দিকী। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফিল্ড ট্রেইনার কোহিনুর বেগম, নার্স মিড ওয়াইফ মুক্তা মার্গারেট রোজারিও, মো. বশির আহমেদ, আয়েশা সিদ্দিকা, লাভলী আক্তার ও সুমনা আক্তার প্রমুখ।
ডোমারে কমিটি নিয়ে ছাত্রদলে ধাওয়া পাল্টা ধাওয়া
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলার উপজেলা ও ডোমার পৌর ছাত্রদলের কমিটি নিয়ে দু’-গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার বিকালে ডোমার উপজেলা শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, সম্প্রতি জেলা ছাত্রদল কমিটি ডোমার উপজেলা কমিটি শাহীন আলম শান্ত ও পৌর ছাত্রদলের ইমরানুল হক আনোয়ার হোসেন গ্রুপের ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়। এ কমিটি অনুমোদনের পর হতে ছাত্রদলের সোহেল রানা গ্রুপ এ কমিটি গ্রহণ করেনি।
কসবায় পুলিশের বিশেষ অভিযান
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ কসবা থানা পুলিশ গত রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সীমান্তের নোম্যান্সল্যান্ড থেকে ৮ যুবককে আটক করেছে। গত সোমবার সকালে আটককৃত ৮ যুবককে ব্রহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে। আটককৃতরা হচ্ছে; বিল্লাল হোসেন (৩২), রুবেল হোসেন (১৮), লোকমান হোসেন (২০), আকের সরকার (২০), লোকমান হোসেন (১৮), ইসমাইল (২০), কাউসার মিয়া (১৯) ও বোরহান উদ্দিন (২০)। আটককৃতদের বাড়ি কসবা উপজলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর, কায়েমপুর, রাউত্খলা ও মন্দভাগ গ্রামে।
মাগুরার মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়ন দাখিল
মাগুরা প্রতিনিধি\ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মাগুরা পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ে এই ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে আওয়ামী লীগের ৫ জন, বিএনপির ৪ জন এবং জাতীয় পার্টির ১ জন প্রার্থী রয়েছেন। আগামী ১১ এপ্রিল মনোনয়নপত্র বাছাই এবং ১৮ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ৬ মে।
কুড়িগ্রামে সুফিয়া কামাল ফেলো’র সমাবেশ
কুড়িগ্রাম প্রতিনিধি \ নারীর অগ্রগতি ব্যাহত করার লক্ষ্যে হেফাজতে ইসলামের নামে যে আন্দোলন সংগ্রাম চলছে তা বন্ধ ও প্রতিহত করার দাবিতে সোমবার বিকালে কুড়িগ্রাম কেন্দ ীয় শহীদ মিনার চত্বরে ‘‘সুফিয়া কামাল ফেলো’র’’ ব্যানারে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হেফাজতে ইসলামকে নারী বিদ্বেষী ও জঙ্গি সংগঠন আখ্যায়িত করে বক্তব্য রাখেন- মহিলা পরিষদের সভাপতি নন্দিতা চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রতিমা রায় চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, ডিপুটি কমান্ডার আমিনুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, অ্যাফাদের পরিচালক সাইদা ইয়াসমীন রূপা প্রমুখ।
নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা\ শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের থানা মসজিদ ঘাটে ভোগাই নদীর পানিতে ডুবে মোঃ মেহেদী নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ভোগাই নদীর ডুবা থেকে মেহেদীর লাশ উদ্ধার করা হয়। সে সমশ্চুড়া গ্রামের হাফেজ মোঃ মিজানুর রহমানের ছেলে। পারিবারিক সূত্র জানায়, মেহেদী (৭) সোমবার বিকালে নিখোঁজ হয়। তার পিতা সন্ধ্যায় শহরে ছেলের নিখোঁজ হওয়ার বিষয়ে শহরে মাইকিং করে। গতকাল সকালে লোকজন ভোগাই নদীর ডুবায় লাশ দেখে সংবাদ দিলে মেহেদীর লাশ উদ্ধার করা হয়।
দাগনভূঞার প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে-মিল শুরু
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমূল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে মিড-ডে-মিল কর্মসূচী মঙ্গলবার সকালে শুরু হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাছিনা ইয়াসমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, জাপা নেতা জাহিদ হোসেন টিপু, সাংবাদিক আজাদ মালদার প্রমুখ।
সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
সৈয়দপুর সংবাদদাতা\ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের শ্বাসকান্দর শনত্পাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও গৃহস্থালী সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের মধ্যে প্রত্যেককে নগদ এক হাজার ৫শ’ টাকা, এক বান্ডিল ঢেউটিন ও ১০ রকম গৃহস্থালী সামগ্রী বিতরণ করা হয়েছে। এ বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্বাস আলী সরকার, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।
রেড ক্রিসেন্টের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি\ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরস্থ স্বত্ব দখলীয় জমি দখলের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে তারা মানবন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে জেলা ইউনিটের জেলা ইউনিটের ভাইস-চেয়ারম্যান হায়দার আলী, সেক্রেটারী জালাল উদ্দিন আহমদ, কার্যকরী সদস্য সহিদুল ইসলাম রুমি উপস্থিত ছিলেন।
রায়পুরার গণকবরের শেষ রক্ষা হল না
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা\ রায়পুরা উপজেলার মেথিকান্দা গণকবরের ওপর দিয়ে ডাবল ট্রেন লাইন হচ্ছে। দুই শতাধিক মুক্তিযোদ্ধাকে পাকসেনারা টর্চারিং সেলে হত্যা করে রায়পুরা প্রেসক্লাবের সামনে মেথিকান্দায় গণকবর দিয়েছিল। এছাড়া মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করায় অনেককে হত্যা করে পাকসেনারা এখানে কবর দিত। এদের মধ্যে অন্যতম বাহেরচরের হাফিজ উদ্দিন, সুধন দাস এবং শশী সাহা। রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল ইসলাম জানান, গণকবরটি রেলের উত্তর পাশে সরিয়ে নেয়া চেষ্টা চলছে।
ঝিনাইদহে ৪টি হাত বোমা উদ্ধার
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকা থেকে ৪টি তাজা হাত বোমা উদ্ধার করেছে র্যাব। র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার হামদুল হক জানান, গোপন সুত্রে খবর পেয়ে গতকাল মঙ্গলবার ভোরে পরিত্যক্ত অবস্থায় বোমা গুলো উদ্ধার করা হয়। তিনি আরো জানান, সন্ত্রাসীরা নাশকতার উদ্দেশ্যে বোমা গুলো এনেছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে বোমা গুলো রেখে পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জে অর্থনৈতিক শুমারীর প্রশিক্ষণ
গোবিন্দগঞ্জ সংবাদদাতা\ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল মঙ্গলবার অর্থনৈতিক শুমারী-২০১৩ এর গণণাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অবিদিয় মার্ডী।
রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
রূপগঞ্জ সংবাদদাতা\ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় গত সোমবার রাতে পূর্বশত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের ১৫জন আহত হয়েছে। হামলাকারীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে লাভরাপাড়া গ্রামের জুয়েল মিয়া, সোহেল মিয়া, রশিদ মিয়া, শওকত আলী, আলী আহাম্মদের বাড়িতে লুটপাট চালায়। রূপগঞ্জ থানার ওসি মঈনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন শান্ত। রূপগঞ্জ থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মধুখালীতে নারীর প্রতি সহিংসতা রোধে কুইজ প্রতিযোগিতা
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা\ সোমবার মধুখালী উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক স্কুল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় ২৫০ জন ছাত্র/ছাত্রীর মধ্যে থেকে লটারির মাধ্যমে ৮জন প্রতিযোগি নির্ধারিত হয়। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফরিদপুরের আঞ্চলিক ব্যবস্থাপক রনজিত্ মণ্ডল। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রহমান, ব্র্যাকের হাবিবুর রহমান, মো. আলী হোসেন, শিবশংকর বসু।
সারিয়াকান্দিতে বিনামূল্যে পাট বীজ বিতরণ
সারিয়াকান্দি(বগুড়া) সংবাদদাতা\ গতকাল মঙ্গলবার উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার এক হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার অফিস থেকে এই পাট বীজ বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পাট বীজ বিতরণ করেন। এ সময় উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মহেশপুরে জামায়াতের সমাবেশ পণ্ড
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা\ সোমবার সন্ধ্যায় মহেশপুরে উপজেলার জিন্নানগর বাজারে হরতালের সমর্থনে মিছিল শেষে সমাবেশ করার সময় এক দোকানদারকে মারপিট করায় সমাবেশ পণ্ড হয়ে যায়। এদিকে জামায়াত ও শিবির হরতালের সমর্থনে মহেশপুর মিছিল বের করলে এক শিবির কর্মীকে গ্রেফতার করে। সোমবার সন্ধায় উপজেলার জিন্নানগর বাজারে জামায়াত শিবিরের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল শেষে সমাবেশ করার সময় বাজারে সাইদুর রহমান নামের এক দোকানদার মোবাইলে গান লোড করার সময় শিবির কর্মীরা তাকে মারপিট করায় স্থানীয় বিএনপি ও আ’লীগ নেতাকর্মীরা একহয়ে তাদের নৈরাজ্যে প্রতিবাদ করে তাদেরকে ধাওয়া করলে সমাবেশ পণ্ড হয়ে যায়।
