আগামী ১২ এপ্রিল শুক্রবার বিকাল ৩টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের মুক্তমঞ্চে ‘প্রথম দক্ষিণ এশীয় গণসঙ্গীত শিল্পী সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রতিপাদ্য শ্লোগান ‘প্রতিবাদ ও আন্দোলনের প্রান্তিক হাতিয়ার গণসঙ্গীত’। শিক্ষা-ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক জাতীয় সংগঠন ‘রাইটার্স ফাউন্ডেশন বাংলাদেশে’র উদ্যোগে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য-সংস্কৃতি সংস্থা, শওকত ওসমান পরিষদ, ঋষিজ শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী, গণসঙ্গীত সমন্বয় পরিষদ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, স্বভূমি লেখক শিল্পীকেন্দ্র, মুক্তিযুদ্ধ একাডেমি, মুক্তিযোদ্ধার সন্তান পেশাজীবী ফোরাম, বাংলাদেশ রিসার্চ স্কলার এসোসিয়েশন, মুক্তিযুদ্ধ উত্সব কেন্দ্রীয় সমন্বয় পরিষদ, মাসিক ‘রাইটার্স’ পত্রিকা এবং কম্যুনিটি নিউজপেপার ‘কলাবাগান বার্তা’র সমন্বয়ে গঠিত ২২২ সদস্য বিশিষ্ট ‘প্রথম দক্ষিণ এশীয় গণসঙ্গীত শিল্পী সম্মেলন জাতীয় কমিটি কাজ করে যাচ্ছে।
সম্মেলনে গণসঙ্গীত শিল্পী একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরকে গণসংবর্ধনা প্রদান করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসাবে সম্মেলন উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক ড. মুস্তাফা নূরউল ইসলাম। ‘গণসঙ্গীত বিশ্বব্যাপী প্রতিবাদ ও আন্দোলনের প্রান্তিক হাতিয়ার’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. আনু মাহমুদ। আলোচনা করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ। সভাপতিত্ব করবেন সম্মেলন আয়োজন জাতীয় কমিটির আহবায়ক ড. আবুল আজাদ। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। -প্রেস বিজ্ঞপ্তি
