ছিনতাইয়ের অভিযোগে আরএমপির তিন পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

আপডেট : ০৭ মে ২০১৯, ০৮:৪৪

নির্যাতন ও ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার এএসআইসহ তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।

সোমবার বিকালে আরএমপি কমিশনার হুমায়ুন কবীর তাদের বরখাস্তের আদেশ দেন। সাময়িক বরখাস্তের আগে তিন পুলিশকে রাজপাড়া থানা থেকে লাইনে প্রত্যাহার করা হয়। সাসপেন্ড পুলিশ সদস্যরা হলেন এএসআই শরীফুল ইসলাম এবং দুই কনস্টেবল মনিরুল ইসলাম ও সুজন আলী।

আরও পড়ুন: ফল পুনঃনিরীক্ষার আবেদন আজ শুরু

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, একজন ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়ার পর একজন উপ-কমিশনার (ডিসি) অভিযোগটির তদন্ত করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাই অভিযুক্তদের সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন আরএমপি কমিশনার। তিনি আরও বলেন, এখন বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। সেই তদন্তের পর সিদ্ধান্ত হবে অভিযুক্তদের বিরুদ্ধে স্থায়ীভাবে কী ব্যবস্থা নেয়া হবে। সাময়িক বরখাস্ত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রথম ধাপ বলে জানান তিনি।

সাময়িক বরখাস্ত হওয়া এএসআই শরীফুল ইসলামের বিরুদ্ধে গত ২৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের হরিপুর সাহাপাড়ার আবদুল হাকিম মানিক নামের এক ব্যক্তি পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে আবদুল হাকিম মানিক বলেন, গত ২৮ এপ্রিল এএসআই শরীফুলের নেতৃত্বে পুলিশের একটি দল নগরীর ডাবতলা এলাকায় তার ভাই হার্টের রোগী মো. সালাহউদ্দীনকে নির্যাতন করেন ও মামলার ভয়ভীতি দেখিয়ে তিন হাজার টাকা কেড়ে নেয়। এ ছাড়া মোবাইলের বিকাশের মাধ্যমে পরে নেয়া হয় আরও চার হাজার টাকা। হৃদরোগে আক্রান্ত হয়ে সালাহউদ্দিন রাজশাহীতে চিকিৎসা করাতে এসে পুলিশের হাতে এভাবে ছিনতাইয়ের শিকার হন।

মানিক সাংবাদিকদের বলেন, তিন পুলিশের কাছে থাকা একটি মোটরসাইকেলের নম্বরের সুত্রে তাদের শনাক্ত করা হয়। কারণ তিন পুলিশ সাদাপোশাকে ছিলেন। নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, মানুষের সঙ্গে দুর্ব্যবহারের কারণে তিন পুলিশকে লাইনে প্রত্যাহার করা হয়। পরে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

ইত্তেফাক/এমআরএম