আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে। এরপরই রবিবার রাতে তিনি হাজারীবাগ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল ইত্তেফাককে বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মোবাইল নম্বরে একটি গ্রামীণ ফোনের নম্বর থেকে গত শনিবার বিকালে এসএমএস আসে। ওই এসএমএসে আগামী ১৩ এপ্রিলের মধ্যে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। তিনি রবিবার রাতে জিডি করেছেন। ওসি বলেন, হুমকিদাতাকে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। খুব শিগগিরই হুমকিদাতাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
