বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আট শীর্ষ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ২৫৭ শিক্ষক। এক যুক্ত বিবৃতিতে শিক্ষকগণ বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বর্তমান সরকার প্রধান বিরোধী দলকে নিষ্পেষণের জন্য বিচার বিভাগ ও আইন বিভাগকে চরম দলীয়করণের হাতিয়ারে পরিণত করেছে। বিএনপি শীর্ষস্থানীয় নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো এ কথারই সত্যতা প্রমাণ করে। আমরা দেশে গণতন্ত্র সমুন্নত রাখার স্বার্থে অবিলম্বে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাকসুর সাবেক ভিপি বিএনপি যুগ্ম-মহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুর কবীর রিজভীসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি মেনে নিয়ে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন প্রফেসর আফরাউজ জামান খান চৌধুরী, মো. ফজলুল হক, শামসুল আলম সরকার, সাহেদ জামান, মতিয়ার রহমান, শেরেজ্জামান, আব্দুল মতিন তালুকদার, আব্দুর রহমান সিদ্দিকী, জিল্লুর রহমান, এম. রফিকুল ইসলাম, মু. আজহার আলী, সৈয়দ রফিকুল আলম রুমী প্রমুখ।
