আগামীকাল হরতাল ডেকেছে শিবির

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২২:৩৫
হেফাজতে ইসলাম ও ১৮ দলের ডাকে তিন দিনের হরতালের পর আগামীকাল বৃহস্পতিবারও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতালের কর্মসূচি ঘোষণা করেন। প্রসঙ্গত, গত ৩১ মার্চ গোয়েন্দা পুলিশ রাজধানীর শ্যামলী থেকে দেলাওয়ারকে গ্রেপ্তার করে। এরপর তাকে ২৮ ফেব্রুয়ারির হরতালের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়। দেলাওয়ারকে গ্রেপ্তারের প্রতিবাদে গত ২ এপ্রিল সারাদেশে হরতাল ডাকে শিবির। সিলেটে হেফাজতের মহাসমাবেশ ১৫ এপ্রিল আমাদের সিলেট অফিস জানায়, ইসলামী ছাত্র শিবিরের ডাকা হরতালের কারণে সিলেটে হেফাজতে ইসলামের ঘোষিত মহাসমাবেশ ১১ এপ্রিলের পরিবর্তে ১৫ এপ্রিল করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম সিলেট বিভাগের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী জানান, হরতালের কারণে ১১ এপ্রিলের পরিবর্তে ১৫ এপ্রিল নগরীর সিটি পয়েন্টে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। গত ৬ এপ্রিল ঢাকায় লংমার্চের পর হেফাজতে ইসলামের মহাসমাবেশ থেকে সারাদেশে কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার সিলেটে মহাসমাবেশ করার ঘোষণা দেয়া হয়েছিল।