লক্ষ্মীপুর আওয়ামী লীগে অসন্তোষ

জেলা কমিটি থেকে ৫৬ নেতার পদত্যাগ

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২০:৫৮
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবিতে জেলা আওয়ামী লীগের কমিটি থেকে ৫৬ জন নেতা পদত্যাগ করেছেন। বুধবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেয়া হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, নিয়োগ ও ঠিকাদারী বাণিজ্যসহ সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে চরম ব্যর্থতার অভিযোগ এনে এ পদত্যাগ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের পদত্যাগী সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাস্টার আরো বলেন, বিগত সংসদ নির্বাচনে জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের নেতিবাচক কর্মকাণ্ডে অত্র জেলার ৪টি আসনের মধ্যে একটি আসনেও দল জয়লাভ করতে পারেনি। বিগত ২০০৩ সালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে নেতা-কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের দাবিকে উপেক্ষা করে এ কমিটি ঘোষণা করা হয়েছিল। তখন থেকে নেতা-কর্মীরা ক্ষুব্ধ। দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে ধরে রাখা ও কাউন্সিল না করার কারণে পুঞ্জিভূত ক্ষোভ থেকে এই পদত্যাগ বলে দাবি করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আবু তাহের, আবদুল গোফরান, অ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, ফরিদা ইয়াসমিন লিকা, নুরুল হুদা বকুল, জহিরুল ইসলাম শিমুল, আবদুল মালেক, সৈয়দ আহমদ পাটওয়ারী, এ কে এম সালাউদ্দিন টিপু, শেখ জামাল রিপন প্রমুখ।